শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ঢল-বৃষ্টিতে বিপৎসীমায় তিস্তার পানি, বন্যার শঙ্কা

ডেস্ক রিপোর্ট।।

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে আবারও উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। রোববার (৩ আগস্ট) সকাল ৯টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫২.১৫ মিটার, যা বিপৎসীমার সমান। এর ফলে জেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, হঠাৎ পানি বাড়ার ফলে ডালিয়া তিস্তা ব্যারেজের সবগুলো—মোট ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় ইতোমধ্যে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ছে বলে জানা গেছে।

বিশেষ করে পাটগ্রামের দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী, আদিতমারীর মহিষখোচা, কালমাটি, বাহাদুরপাড়া, এবং সদর উপজেলার কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা এলাকার মানুষজন নতুন করে দুর্ভোগে পড়েছেন।

খুনিয়াগাছ ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন,

“কিছুদিন আগে পানি উঠেছিল, কষ্ট করে সামলে নিয়েছিলাম। আজ সকালে দেখি আবার পানি ঢুকছে। সরকার কোনো ব্যবস্থা নেয় না, কেবল আশ্বাস দেয়।”

অন্যদিকে, আদিতমারীর গোবর্ধন গ্রামের খাদিজা বেগম বলেন,

“পানি একটু নেমেছিল, আবার বাড়তে শুরু করেছে। যদি এরকম চলতে থাকে, আমরা কোথায় যাব? তিস্তা মহাপরিকল্পনা না হলে এই কষ্ট শেষ হবে না।”

এ বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান,

“সকাল থেকে পানি বাড়ছে। দুপুর নাগাদ আরও কিছুটা বাড়তে পারে। তবে সন্ধ্যার পর পানি কমার সম্ভাবনা রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নদীতীরবর্তী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।”

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানি ছিল বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে। মাত্র ১৮ ঘণ্টায় পানি বেড়ে বিপৎসীমায় পৌঁছেছে, যা পরিস্থিতির হঠাৎ অবনতি বোঝায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন