শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ভোলায় বেড়েছে নিউমোনিয়া রোগী, হাসপাতালে বেড-ওষুধ সংকট

ডেস্ক রিপোর্ট।।

আবহাওয়াজনিত কারণে ভোলায় নিউমোনিয়া ও অন্যান্য ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড সংকট দেখা দিয়েছে, ফলে অনেক শিশু মেঝেতে রেখে চিকিৎসা করতে হচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডে বেডের প্রতি দুই-তিন জন শিশুর শয্যা ভাগাভাগি করতে দেখা গেছে। এ ছাড়া ওয়ার্ডের বাইরে মেঝেতে ওষুধ নেওয়া রোগীর সংখ্যা প্রায় অর্ধশতাধিক। আক্রান্ত শিশুদের বাবা-মায়েরা জানান, বেড না পেয়ে তারা বাধ্য হয়েই মেঝেতে সন্তানকে রেখে চিকিৎসা করাচ্ছেন। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন ও ক্যানুলার অভাবও গুরুতর সমস্যা সৃষ্টি করেছে, যার জন্য তারা বহিরাগত থেকে এসব সামগ্রী কিনে আনতে বাধ্য হচ্ছেন।

এক শিশু রোগীর বাবা মো. কামরুল ইসলাম বলেন, “নিউমোনিয়া আক্রান্ত সন্তানকে ভর্তি করিয়েছি, কিন্তু বেড না থাকায় তাকে মেঝেতে রেখে চিকিৎসা নিতে হয়েছে।” অন্য একজন মা জান্নাত বেগম বলেন, “অন্য শিশুর সঙ্গে বেড শেয়ার করেই চিকিৎসা চলছে।”

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, “নিউমোনিয়ার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের ধারণক্ষমতার বাইরে রোগী এসেছে। ওষুধ ও অন্যান্য সরঞ্জামের ঘাটতি রয়েছে, তবে দ্রুত তা পূরণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, ডাক্তাররা পর্যাপ্ত সময় দিতে পারেন না এবং নার্সিং সেবা সঠিক মাত্রায় পাওয়া যাচ্ছে না, যা রোগীদের সমস্যাকে আরও জটিল করেছে।

ভোলা সদর হাসপাতালের শিশু রোগীদের চিকিৎসা ও সেবা দ্রুত উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা কামনা করছেন এলাকাবাসী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন