বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার হৃদযন্ত্রে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। গতকাল (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করা এনজিওগ্রামে এ তথ্য পাওয়া গেছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বাইপাস সার্জারিই হতে পারে সবচেয়ে যুক্তিযুক্ত চিকিৎসা পদ্ধতি, তবে বিকল্প হিসেবে রিং পরানোর (স্টেন্টিং) বিষয়টিও বিবেচনায় রয়েছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তিনি দেশেই চিকিৎসা নেবেন নাকি বিদেশে যাবেন।
দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান বিদেশ নয়, দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে। শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও তিনি দলীয় কর্মসূচি ও আন্তর্জাতিক সংলাপে অংশ নিচ্ছেন। সর্বশেষ, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সঙ্গে জামায়াতের বৈঠকেও তিনি অংশগ্রহণ করেছেন।
গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ছেড়ে দিলেও এখনো ফলোআপ চিকিৎসা চলছে।
এদিকে, তার সুস্থতা কামনায় দলের বিভিন্ন পর্যায়ে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। জামায়াত নেতাকর্মীদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বিরাজ করছে।
তবে ইবনে সিনা হাসপাতালের সিজিএম জাহিদুর রহমান জানিয়েছেন, “বাইপাসের সুপারিশ দেওয়া হয়েছে—এমন সুনির্দিষ্ট তথ্য এখনো আমাদের কাছে নেই। তিনি তো গতকালও একটি বৈঠকে অংশ নিয়েছেন।”

