শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ময়মনসিংহে এনসিপির ‘জুলাই পদযাত্রা’: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়

ডেস্ক রিপোর্ট।।

বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহে আয়োজন করেছে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ’। সোমবার বিকেলে শহরের টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই সমাবেশকে ঘিরে প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

রবিবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান মো. ইকরাম এলাহী খান বলেন, “এনসিপিকে গণমানুষের শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করার লক্ষ্যেই এই কর্মসূচি। সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে নেতারা মাঠে নেমেছেন।”

তিনি জানান, সমাবেশে অংশ নেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও ড. তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রার অংশ হিসেবে নেতারা ময়মনসিংহে ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদদের কবর জিয়ারত করবেন এবং সেখান থেকে পদযাত্রা শুরু করে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ করবেন। পরে টাউন হলে অনুষ্ঠিত হবে প্রধান সমাবেশ, যেখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া নির্যাতনের ঘটনার বিস্তারিত তুলে ধরবেন এনসিপি নেতারা।

ইকরাম এলাহী খান আরও জানান, “সমাবেশে অন্তত ১০ হাজার মানুষের উপস্থিতি আশা করছি। জেলার বিভিন্ন স্থানে মাইকিং, লিফলেট বিতরণসহ প্রচারণা চালানো হয়েছে। প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, ফরয়াদ খানসহ অন্যান্য নেতারা।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, “সমাবেশকে ঘিরে অতিরিক্ত তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে, যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন