বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত সমাবেশ আগামী ৩ আগস্ট শাহবাগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি। পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে কর্মসূচির পরিকল্পনা থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে তা স্থানান্তর করা হয়েছে।
আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন,
“শহিদ মিনারে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচিকে সম্মান জানিয়ে আমরা সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। সমাবেশ এখন হবে শাহবাগে।”
তিনি বলেন, “আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা কেউ যেন উসকানিতে পা না দিই বা সংঘর্ষে জড়িত না হই—এই আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,
“ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার না করে ডাকসু নির্বাচন আয়োজন প্রশ্নবিদ্ধ হতে পারে, তবে আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা স্বাগত জানাই।”
ছাত্রদলের কর্মসূচির স্থান পরিবর্তনের সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সন্তোষ প্রকাশ করেছে। এক বিবৃতিতে এনসিপি বলেছে,
“ছাত্রদল যে সহনশীল ও গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ রেখেছে, তাতে আমরা কৃতজ্ঞ। বিএনপি ও ছাত্রদলের এই সহযোগিতা আগামীর রাজনৈতিক সংস্কৃতিকে ইতিবাচক পথে নিয়ে যাবে।”
আগামী ৩ আগস্ট ঢাকা শহরে একাধিক রাজনৈতিক ও ছাত্রসংগঠনের কর্মসূচি রয়েছে। শহিদ মিনার ও শাহবাগের মতো স্পর্শকাতর স্থানে কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

