গাজা যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কারণে যুদ্ধক্ষেত্রে ফেরার বিষয়ে ‘গভীর আত্মিক সংকট’-এর কথা জানিয়ে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর জেরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) তিন সেনাকে বরখাস্ত ও কারাদণ্ড দিয়েছে। রোববার (২৭ জুলাই) আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কারাদণ্ডপ্রাপ্ত সেনারা ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের অন্তর্গত ৯৩১তম ব্যাটালিয়নের সদস্য। তাদের ৭ থেকে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চতুর্থ এক সেনার বিচার প্রক্রিয়া এখনও চলমান।
সৈন্যরা জানিয়েছেন, গাজায় ফেরত যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তারা ভয়াবহ সহিংসতা প্রত্যক্ষ করেছেন এবং অনেক সহযোদ্ধাকে হারিয়েছেন।
একজন সেনার মা ইসরায়েলি গণমাধ্যম কানকে বলেন, “তারা এমন দৃশ্য দেখেছে যা একজন সাধারণ মানুষ সারা জীবনে কল্পনাও করতে পারে না। সেই মানসিক ক্ষত এখনো সারেনি।”
প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা যখন যুদ্ধক্ষেত্রে ফেরার মানসিক প্রস্তুতি নেই বলে জানায়, তখন তাদের চিকিৎসা বা কাউন্সেলিংয়ের বদলে শাস্তি দেওয়া হয়।
তবে আইডিএফ জানায়, তারা সংশ্লিষ্ট সেনাদের মানসিক স্বাস্থ্য কর্মীর সঙ্গে পরামর্শ করিয়েছে, এবং তিনি তাদেরকে মানসিকভাবে ‘যুদ্ধে যোগ্য’ ঘোষণা করেন।
আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, “বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে এবং প্রচলিত নিয়ম মেনেই সমাধান করা হয়েছে। তবে যুদ্ধ চলাকালে অনুগত্য হারানোকে সেনাবাহিনী অত্যন্ত গুরুতরভাবে দেখে।”
গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীতে মানসিক স্বাস্থ্য সংকট দিন দিন স্পষ্ট হচ্ছে।
গত কয়েক সপ্তাহেই চারজন সেনা (একজন রিজার্ভ সদস্যসহ) আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। চলতি বছরে আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে, যা পূর্ববর্তী বছরের তুলনায় আশঙ্কাজনকভাবে বেশি।

