বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলি শিক্ষাবিদদের খোলা চিঠি: গাজার মানবিক সংকট রোধে অবিলম্বে পদক্ষেপের আহ্বান

ডেস্ক রিপোর্ট।।

৩৪১ জন বিশিষ্ট ইসরায়েলি শিক্ষাবিদ ও অধ্যাপক এক যৌথ খোলা চিঠিতে গাজায় চলমান সামরিক অভিযান এবং মানবিক সংকটের বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানো বন্ধ করতে এবং ‘গাজায় সামরিক অভিযানের নৈতিক সীমা’ নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “৭ অক্টোবরের ক্ষত এখনও উন্মুক্ত। আমাদের প্রিয়জনেরা এখনো হামাসের হাতে বন্দী। তবে এই যন্ত্রণার মধ্যেও আমরা আমাদের কর্মকাণ্ডে অন্যদের যে দুর্ভোগ হচ্ছে, তা উপেক্ষা করতে পারি না।”

শিক্ষাবিদরা পরিস্থিতিকে ‘গুরুতর মানবিক পতন’ হিসেবে বর্ণনা করে বলেন, গাজায় অবিলম্বে খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। তাদের মতে, “গাজার মানবিক অবস্থা একটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এই ধারা চলতে থাকলে তা শুধু উপত্যকার বাসিন্দাদের জন্যই নয়, বরং ইসরায়েলের মূল্যবোধ ও সমাজের ভবিষ্যতের জন্যও অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।”

চিঠিতে আরও বলা হয়, “এটি আমাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পরীক্ষার মুহূর্ত। মানবাধিকার যেন কোনো রাজনৈতিক বিতর্কের বিষয় না হয়। ইতিহাস আমাদের কর্মকাণ্ড এবং নীরবতা দুটোকেই মনে রাখবে।”

এদিকে, গাজার সরকারি গণমাধ্যম বিভাগ সতর্ক করেছে যে, ত্রাণ সরবরাহ বন্ধের ফলে উপত্যকা ‘একটি বাস্তব মানবিক বিপর্যয়ের’ মুখে পড়েছে। প্রতিদিন প্রয়োজন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ ও শিশুদের জন্য প্রতি মাসে আড়াই লাখ কার্টন ফর্মুলা। পরিস্থিতি মোকাবিলায় তারা অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন