পশ্চিমবঙ্গের বিরোধী নেতা ও বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী আগামী ১৫ আগস্টের পর ‘বাংলা হিন্দু হোমল্যান্ড’ প্রতিষ্ঠার দাবিতে নতুন কর্মসূচি শুরু করবেন। শনিবার এক স্থানীয় সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান,
“শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন অনুযায়ী, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং তাদের নিয়ন্ত্রণে রাস্তায় নামব।”
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যের অনেক মুসলিম পরিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশি মুসলিম নারীদের বিয়ে করে এবং সরকার তাদের ভুয়া ডোমিসাইল ও ভোটার কার্ড দেয়। তিনি বলেন,
“৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় যথাযথ ফেন্সিং না হওয়ায় অনুপ্রবেশকারীরা অনধিকার প্রবেশ করে বসবাস করছে।”
শুভেন্দুর দাবি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দিনাজপুর, কোচবিহার সহ আটটি জেলা প্রশাসন ভুয়া ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে অন্তত ৭৫,০০০ বাংলাদেশি মুসলিমকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চলেছে।
“২৬ জুলাই থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে,” তিনি হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু আগামী নির্বাচনে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বৃদ্ধি করবে।

