বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলে কয়লা রপ্তানিতে ‘জিরো টলারেন্স’, কঠোর অবস্থানে কলম্বিয়া

ডেস্ক রিপোর্ট।।

ইসরায়েলের প্রতি কঠোর বার্তা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগ ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে তিনি বৃহস্পতিবার ঘোষণা দেন, “কলম্বিয়া থেকে এক টন কয়লাও ইসরায়েলে যাবে না।”

পেত্রো এই ঘোষণার মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়লা রপ্তানির কোনো চেষ্টাই বরদাশত করা হবে না। কলম্বিয়ার নৌবাহিনীকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে সিনাগা বন্দরের একটি কয়লা বোঝাই জাহাজ ইসরায়েলের উদ্দেশে যাত্রা করলে প্রেসিডেন্ট পেত্রো তার সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই রপ্তানি কলম্বিয়ার অবস্থানের প্রতি স্পষ্ট অবজ্ঞা।”

২০২৪ সালের আগস্টে ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার কয়লা রপ্তানি নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। তবে প্রেসিডেন্ট পেত্রো অভিযোগ করেন, তার প্রশাসনের কিছু কর্মকর্তা এখনো ‘সীমিত রপ্তানি’র অনুমতি দিচ্ছেন, যা সরাসরি সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি স্পষ্টভাবে বলেন, “আমার আদেশ পরিষ্কার—ইসরায়েল অধিকৃত কোনো অঞ্চলে কলম্বিয়ার কয়লা যাবে না। যেকোনো মূল্যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে।”

প্রেসিডেন্ট পেত্রো, যিনি ২০২২ সালে কলম্বিয়ার প্রথম বামপন্থি নেতা হিসেবে ক্ষমতায় আসেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার অবস্থানে রয়েছেন। তাঁর সরকার ইতোমধ্যেই ইসরায়েলি কূটনৈতিক উপস্থিতি সীমিত করেছে এবং জাতিসংঘে একাধিকবার গাজায় হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে, দেশটির মানবাধিকার সংগঠনগুলো পেত্রোর কঠোর অবস্থানকে ‘নৈতিক নেতৃত্বের প্রতীক’ হিসেবে দেখছে। তবে, অভ্যন্তরীণ প্রশাসনের মধ্যে বিভক্তির কারণে রপ্তানি নিষেধাজ্ঞার প্রয়োগ নিয়ে উদ্বেগ রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক কূটনীতিতে কলম্বিয়ার ভূমিকা ও নীতিগত অবস্থানকে পুনর্নির্ধারণ করতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন