শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ২১ ঘণ্টা পর হস্তান্তর

ডেস্ক রিপোর্ট।।

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইয়াছিন লিটনের (৪০) মরদেহ ২১ ঘণ্টা পর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিলোনিয়া সীমান্ত চেকপোস্টে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহম্মদ ছেলের মরদেহ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক এএস বীরেন্দ্র সিং, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এবং ভারতের বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে।

পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “বিএসএফ রাতেই মরদেহ হস্তান্তর করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩-এস অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন ইয়াছিন লিটন, মিল্লাত ও আফছার নামে তিন বাংলাদেশি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়লে ঘটনাস্থলে লিটন গুলিবিদ্ধ হন এবং তাকে বিএসএফ সদস্যরা ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

আহত অপর দুই বাংলাদেশি—মিল্লাত ও আফছার—কে স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান।

ঘটনার পর সীমান্ত এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে।

এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানা যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন