বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তারেক রহমানের

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। গুরুতর আহত অবস্থায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬৪ জন। সোমবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনে বিমানটি আছড়ে পড়লে।

বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাকবলিত বিমানটি এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণযান ছিল, যা উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। দুর্ঘটনার সময় ওই ভবনে শিক্ষার্থীদের আনাগোনা ছিল, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ঘটনার পরপরই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেন, “এই দুর্ঘটনা শুধু নিহতদের পরিবারের জন্যই নয়, পুরো জাতির জন্য একটি বেদনার মুহূর্ত। আমি শোকাহত, ভাষা হারিয়ে ফেলেছি।”

তার পাঠানো শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, “আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন শোকাহত পরিবারগুলোকে এই অপ্রত্যাশিত বিপর্যয় মোকাবিলার ধৈর্য ও শক্তি দান করেন।”

এদিকে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরা। আশপাশের ভবন থেকে শিক্ষার্থী ও কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ, বার্ন ইউনিট, কুর্মিটোলা ও অন্যান্য হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে এবং ভবনে আগুন ধরে যায়। উদ্ধার কাজ এখনো চলমান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন