বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ডাক জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী বাংলাদেশের রূপরেখা তুলে ধরে বলেছেন, সামনে দেশের জন্য অপেক্ষা করছে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই—যেখানে মূল লক্ষ্য হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“আগামীর বাংলাদেশ কেমন হবে—এ প্রশ্ন অনেকেই করছেন। আমি বলব, ইনশাআল্লাহ আরেকটা লড়াই হবে। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়ন চলছে, তা থেকে উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য এবং ন্যায়বিচারভিত্তিক নতুন শাসন কাঠামো।

সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শফিক বলেন, “এই আন্দোলন শুধু জামায়াতের নয়, এটি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। একে সামনে এগিয়ে নিতে হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় সাংগঠনিক শক্তিতে।”

দলীয় সূত্র জানায়, এই সমাবেশের লক্ষ্য ছিল শুধু রাজনৈতিক বার্তা দেওয়া নয়, বরং আগামীর রাজনৈতিক পরিকল্পনা এবং ঐক্য প্রক্রিয়াকে আরও সুসংহত করা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে জামায়াত আবারও সক্রিয়ভাবে জাতীয় রাজনীতির মাঠে নিজেদের অবস্থান জানিয়ে দিল বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন