এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের বীমার অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন শতাধিক ক্ষতিগ্রস্ত গ্রাহক।
শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ভুক্তভোগীরা অংশ নেন। তারা দাবি করেন, বীমার নির্ধারিত মেয়াদ শেষে পাঁচ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি তাদের জমাকৃত অর্থ ফেরত দেয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছানোয়ার হোসেন মোল্লা, মর্জিনা বেগম, মো. রবিউল ইসলাম ও ঈমান আলীসহ অনেকে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক পরিবর্তনের পর এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছেন এবং টাঙ্গাইল অফিস কার্যত বন্ধ রয়েছে। কর্মচারীরা যোগাযোগবিচ্ছিন্ন থাকায় গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
বক্তাদের দাবি, হাজারো সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন ভবিষ্যতের নিরাপত্তার আশায়। অথচ এখন তাদের অর্থ আটকে থাকায় পরিবার নিয়ে তারা চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন।
তারা অবিলম্বে গ্রাহকদের পাওনা অর্থ লভ্যাংশসহ ফেরতের দাবি জানান এবং সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

