সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে একক রাজনৈতিক দলের কর্তৃত্ব অনাকাঙ্ক্ষিত — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“আমরা অতীতে দেখেছি, কিছু দল নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছে। এটা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। কেবল সরকারি দল নয়, বড় রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন হওয়া উচিত।”
তাহের বলেন,
“রাষ্ট্রীয় প্রয়োজনে যেকোনো ধরনের সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন হলে তা অবশ্যই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। একমাত্র একটি দলকে এ অধিকার দিলে তা স্বৈরাচারী সিদ্ধান্তে পরিণত হতে পারে।”
তিন আরও বলেন,
“আমরা চাই সংবিধান সংশোধন প্রক্রিয়া আরও কঠিন করা হোক, যেন এটিকে সহজে কোনো পক্ষের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া না যায়।”
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ বৈঠকে ২০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। আজকের আলোচ্য বিষয় ছিল —
-
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের সম্ভাবনা,
-
সংবিধান সংশোধন প্রক্রিয়া, এবং
-
সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি।
জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এটি ছিল দ্বিতীয় রাউন্ডের ১৪তম বৈঠক।

