শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

৯৯৯-এ মিথ্যা কল, নিরাপত্তাকর্মীকে ফাঁসাতে গিয়ে জুয়াড়িই গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট।।

সিলেট নগরীতে মোবাইলে জুয়া খেলায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ দেন। উদ্দেশ্য ছিল নিরাপত্তাকর্মীকে ফাঁসানো। তবে শেষ পর্যন্ত নিজের জালেই জড়ালেন ওই যুবক। তদন্তে সত্য উদঘাটিত হলে পুলিশ তাকেই গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম রিপন মিয়া (৩৩)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার তিমিরপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে সিলেটের শাহপরাণ থানা এলাকার উত্তর জাহানপুরে বসবাস করেন।

পুলিশ জানায়, সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে রিপন মিয়া ৯৯৯-এ ফোন করে জানান, টিলাগড় সরকারি কলেজের সামনে তার মোবাইল ও টাকা ছিনতাই হয়েছে। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ একটি গ্যারেজের সামনে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী জুনেদ মিয়াকে খুঁজে পায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই রিপন তাকে শনাক্ত করে মারধর শুরু করেন। উভয় পক্ষকে থানায় নিয়ে যাওয়ার পর রিপন আরও ২-৩ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের লিখিত অভিযোগ করেন।

তবে রিপনের বক্তব্য সন্দেহজনক হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে জানা যায়, রিপন ও এক যুবক আফজল সেখানে মোবাইলে জুয়া খেলছিলেন। টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে নিরাপত্তাকর্মী জুনেদ মিয়া তাদের সরিয়ে দেন। অপমানজনিত প্রতিশোধ নিতে রিপন ৯৯৯-এ মিথ্যা অভিযোগ করেন।

জিজ্ঞাসাবাদে রিপন মিয়া অবশেষে সত্য স্বীকার করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “মিথ্যা অভিযোগ, রাষ্ট্রীয় জরুরি সেবা অপব্যবহার এবং নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসাতে চাওয়ার দায়ে রিপন মিয়াকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, “তাকে জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলা করা হচ্ছে। জাতীয় জরুরি সেবার অপব্যবহারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন