বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইরানকে আরও শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রচেষ্টার মধ্যেই নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, “তেহরানের পক্ষ থেকে যদি আবারও হুমকি আসে, তাহলে ইসরায়েল আরও জোরালোভাবে জবাব দেবে।”

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ইসরায়েলের লম্বা হাত যে কোনো সময় পৌঁছে যেতে পারে তেহরান, ইসফাহান কিংবা তাবরিজে। আমাদের ফেরাতে বাধ্য করা হলে, আমরা আরও শক্তি নিয়ে ফিরব।”

ইসরায়েলের সরকারি নথি ও স্থানীয় গণমাধ্যম হারেৎজ-এর বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে গোলাবারুদের গুদাম, যুদ্ধবিমান সংরক্ষণাগার এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ডলার, যা ভবিষ্যতে ১০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

গত ১৩ জুন ইরানে ইসরায়েলি হামলায় কয়েকজন বিজ্ঞানী ও সেনা কর্মকর্তা নিহত হন। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। দুই পক্ষের টানা ১২ দিনের সংঘর্ষের পর, ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা দেন, “ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”

ট্রাম্প দাবি করেন, “এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারত, কিন্তু তা হয়নি এবং হবেও না। উভয় পক্ষ শান্তিপূর্ণ আচরণে সম্মত হয়েছে।”

নতুন করে ইসরায়েলি হুমকির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে আরও এক দফা অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পর শান্তিপ্রক্রিয়াকে অটুট রাখার চেষ্টায় থাকা কূটনৈতিক মহল আবারও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন