শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

ডেস্ক রিপোর্ট।।

চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীকে কুপিয়ে আহত করেছে এক ব্যক্তি। শুক্রবার (১১ জুলাই) ঘটনার পরপরই হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

আহত খতিব বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে এবং কানের পাশে ১২টি সেলাই দেওয়া হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী বিল্লাল হোসেন (৫০) নামাজ শেষে খতিবের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু মুসল্লিরা তাকে বাধা দেন। এরপর নামাজ শেষে খতিব মসজিদ থেকে বের হওয়ার সময় তিনি চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি আকিদাগত কোনো মতপার্থক্য বা ধর্মীয় বক্তব্য ঘিরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহত খতিবের ছেলে আফনান তাকি জানান, “নবী করিম (সা.)-কে নিয়ে একটি বিষয়ে আপত্তি তুলে হামলাকারী মসজিদে ঢুকে সরাসরি আমার বাবার ওপর হামলা চালান। ঠিক কী কারণে সে এমন কাজ করল, সেটি পরিষ্কার না।”

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, “ঘটনার সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করা হয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না বা হামলাকারীর মানসিক অবস্থাও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন