বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চীন-পাকিস্তান-বাংলাদেশ ঘনিষ্ঠতা নিয়ে ভারতের উদ্বেগ, “নতুন কৌশলগত বাস্তবতা” দেখছেন প্রতিরক্ষা প্রধান

ডেস্ক রিপোর্ট।।

দক্ষিণ এশিয়ায় ভৌগোলিক ও কৌশলগত অস্থিরতার মধ্যেই বাংলাদেশের চীন ও পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, “আঞ্চলিক নিরাপত্তায় পরিবর্তন আসছে, এবং বাংলাদেশও এখন ভারতের কৌশলগত হিসাবের কেন্দ্রে উঠে এসেছে।”

ওবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ORF) আয়োজিত আলোচনায় তিনি বলেন, “চীন, পাকিস্তান এবং এখন বাংলাদেশ—এই তিন দেশের মধ্যে স্বার্থের একটি অদৃশ্য সংযোগ গড়ে উঠছে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে।”

চৌহান তাঁর বক্তব্যে স্পষ্টভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এবং ঋণ-কূটনীতির প্রসঙ্গ তোলেন। তাঁর ভাষায়, “অর্থনৈতিক দুর্বলতাকে ব্যবহার করে চীন প্রতিবেশী দেশগুলোকে প্রভাবিত করছে। এর ফলে ওই দেশগুলো ধীরে ধীরে কৌশলগত নির্ভরশীল হয়ে পড়ছে। এতে ভারতের নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়ছে।”

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ নিয়ে ভারতের উচ্চ পর্যায় থেকে এমন সরাসরি উদ্বেগ প্রকাশ খুব একটা সাধারণ নয়। এখন পর্যন্ত চীন ও পাকিস্তানকে কেন্দ্র করেই ভারতের নিরাপত্তা কৌশল গড়ে উঠেছে। তবে এবার বাংলাদেশের সম্ভাব্য ভূমিকাও যে ভারতীয় কৌশলবিদদের চিন্তার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, সেটাই এই বক্তব্যে স্পষ্ট।

রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের দিকেও ইঙ্গিত করেন জেনারেল চৌহান। তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঘন ঘন সরকার পরিবর্তন ও আদর্শিক টানাপড়েন বহিরাগত শক্তিগুলোর জন্য সুযোগ তৈরি করছে।”

বিশ্ব রাজনীতির পটভূমিতে আমেরিকা-চীন প্রতিযোগিতাকেও ভারতের নিরাপত্তা প্রেক্ষাপটে প্রাসঙ্গিক বলে মনে করছেন জেনারেল চৌহান। তাঁর মতে, “বিশ্ব এখন ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের এক সংকটময় পর্যায়ে আছে। এতে আঞ্চলিকভাবে ভারতের নিরাপত্তা পরিবেশ আরও জটিল হয়ে পড়ছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন