বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সীমান্তে বাংলাদেশিদের ওপর হামলা হলে লং মার্চ: চাঁপাইনবাবগঞ্জে হুঁশিয়ারি এনসিপি নেতার

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের সীমান্ত প্রতিরোধের এক শক্ত প্রতীক। তিনি বলেন, “চাঁপাইনবাজগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা কৃষক, আর আমরা সেই কৃষকের সন্তান। আর যদি কোনো বাংলাদেশিকে সীমান্তে হত্যা করার চেষ্টা করা হয়, আমরা তা সহজে মেনে নেবো না।”

রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাগঞ্জ কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম আরও জানান, বিএসএফের হামলা, গ্রেনেড নিক্ষেপ এবং বোমা বিস্ফোরণ আন্তর্জাতিক নিয়ম ও শর্তাবলী লঙ্ঘন। তিনি বলেন, “সীমান্তে অনেক দাদা, নানারাই সাহস দেখিয়েছেন, কিন্তু এখন আর সেই সময় নয়। যদি আর কোনো হত্যাচেষ্টা হয়, আমরা সীমান্ত অভিমুখে লং মার্চের ঘোষণা করবো।”

নাহিদ দেশের অন্যতম কৃষি অঞ্চল চাঁপাইনবাগঞ্জের পরিচিতি তুলে ধরে বলেন, “আমাদের এই অঞ্চলকে আমের রাজধানী বলা হয়, কিন্তু এই অঞ্চল থেকে আম রপ্তানির জন্য সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। রেশম শিল্পও প্রায় ধ্বংসপ্রাপ্ত, যা রক্ষায় সরকার গঠনমূলক পদক্ষেপ নেয়নি।” এছাড়াও, তিনি এলাকাবাসীর আন্তঃনগর ট্রেন দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই, মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচারের দাবি এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন জরুরি।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন