মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

পোশাক শিল্পের সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সহকারীর সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

ডেস্ক রিপোর্ট।।

তৈরি পোশাক শিল্পে চলমান নানা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সদস্য মো. কামাল উদ্দিন।

বৈঠকে বিজিএমইএ নেতারা গ্যাস সংকট, ব্যাংকিং খাতের নীতিমালা, রপ্তানি সহায়তা হ্রাস, কাস্টমস প্রক্রিয়ায় জটিলতা, চট্টগ্রাম বন্দরের দক্ষতা, শিল্প এলাকায় জমি বরাদ্দ, শ্রমিকদের জন্য আবাসন ও স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বিজিএমইএ সভাপতি বলেন, “ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ৩ মাস করার ফলে অনেক উদ্যোক্তা চাপে পড়ছেন। আমরা এই সময়সীমা ৬ মাসে উন্নীত করার অনুরোধ জানিয়েছি, যাতে প্রায় ৫০০-৬০০ কারখানা শ্রেণিকৃত ঋণ থেকে রক্ষা পায়।”

তিনি আরও বলেন, “নগদ সহায়তার হার হ্রাস এবং প্রি-শিপমেন্ট ক্রেডিট বন্ধ হওয়ায় উদ্যোক্তারা আর্থিক সংকটে পড়ছেন। স্কিমটি ২০৩০ সাল পর্যন্ত চালু রাখা গেলে রপ্তানিমুখী শিল্পে বড় সহায়তা মিলবে।”

বিজিএমইএ একটি ফোর্সড ফান্ড গঠনেরও প্রস্তাব দেয়, যা থেকে সংকটকালে শ্রমিকদের বেতন ও প্রয়োজনীয় ব্যয় মেটানো যাবে। এছাড়া পরিবেশবান্ধব জ্বালানির জন্য সরকারকে পিপিপি ভিত্তিতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনেরও পরামর্শ দেওয়া হয়।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “সরকার পোশাক শিল্পের গুরুত্ব অনুধাবন করে এবং সম্ভাব্য সকল সহযোগিতা অব্যাহত রাখবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন