শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, আহত ১

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন—জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)। এ সময় গুরুতর আহত হন পরিবারের আরও একজন সদস্য, যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে বাঙ্গরা বাজার থানার অন্তর্গত কড়ইবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

মাদক সংশ্লিষ্টতা প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “যদি কেউ কোনো অপরাধে জড়িত থাকে, সেটা তদন্তসাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনোভাবেই বিচারবহির্ভূতভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।”

তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং যারা জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন