ইতালিতে কাজের খোঁজে যারা অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগ দেবে ইউরোপের এই শিল্পোন্নত দেশ। ইতোমধ্যেই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে ইতালি সরকার, যেখানে বাংলাদেশসহ ৩৪টি দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সরকারি গেজেটে জানানো হয়েছে, তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে কৃষি, পর্যটন, শিল্প ও কারিগরি খাতে। শুধু ২০২৬ সালেই কাজের সুযোগ পাবেন ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন।
আবেদন শুরুর তারিখ:
-
১২ জানুয়ারি ২০২৬ – কৃষিখাত
-
৯ ফেব্রুয়ারি – পর্যটনখাত
-
১৬ ফেব্রুয়ারি – স্থায়ী ও স্ব-উদ্যোগভিত্তিক কর্মসংস্থান
-
১৮ ফেব্রুয়ারি – দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের জন্য
এই চার বিভাগেই বাংলাদেশিদের আবেদন করার সুযোগ থাকছে। আগের অভিজ্ঞতা বলছে, সঠিকভাবে আবেদন করলে অনেকেই ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ পাবেন।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে আশার আলো দেখা দিয়েছে। তবে অভিজ্ঞ মহল বলছে, দালালচক্রের ফাঁদে না পড়ে, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করলেই সফলতার সম্ভাবনা বেশি থাকবে।
গত কয়েক বছরে অনেক বাংলাদেশি ভুয়া স্পন্সর ভিসার মাধ্যমে প্রতারিত হয়েছেন। তাই এবার সকল আবেদনকারীকে সচেতনভাবে যাচাই-বাছাই করে এগোনোর পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নিয়োগ কেবল বৈদেশিক রেমিট্যান্স বাড়াবে না, একইসঙ্গে বাংলাদেশের শ্রমবাজারে বৈধ অভিবাসনের সুযোগও সম্প্রসারিত হবে।

