শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ: মা-মেয়ের জীবন সংকটে

ডেস্ক রিপোর্ট।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের দুই সদস্য দগ্ধ হয়েছেন। সোমবার (৩০ জুন) রাতে আদমজী এলাকার একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ মা ও মেয়েকে রাতেই ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—নাজমা বেগম (৪০) এবং তার কিশোরী মেয়ে আফরোজা আক্তার (১৬)। তাদের পারিবারিক সূত্রে জানা যায়, ওই বাসার নিচ দিয়ে পুরোনো গ্যাস লাইন গেছে। দীর্ঘদিন ধরে লিকেজ থাকলেও তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা রুবেল খান জানান, রাতের খাবার শেষে ঘুমাতে যাওয়ার পর হঠাৎ বিকট শব্দে ঘর কেঁপে ওঠে। মুহূর্তেই আগুনে পুড়ে যান নাজমা ও আফরোজা। এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “নাজমা ও আফরোজার শরীরের প্রায় ২২ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।”

এদিকে বিস্ফোরণের পর ওই বাসার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকাজুড়ে পুরনো ও অরক্ষিত গ্যাস লাইনের কারণে প্রায়ই দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়, কিন্তু যথাযথ নজরদারি নেই।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন