মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ছক্কা হাঁকানোর পর মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

ভারতের পাঞ্জাবে এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে ঘটলো হৃদয়বিদারক ঘটনা। ছক্কা মারার ঠিক পরপরই মাঠে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন ২৫ বছর বয়সী ক্রিকেটার হরজিৎ সিং। ম্যাচ চলাকালীন এমন মৃত্যুতে স্তব্ধ পুরো এলাকা, শোকাহত ক্রিকেটপ্রেমীরা।

ঘটনাটি ঘটে রোববার (২৯ জুন) পাঞ্জাবের ফিরোজপুর জেলার গুরহর সহায় এলাকার একটি স্কুল মাঠে। স্থানীয় পর্যায়ের একটি ম্যাচে অংশ নিচ্ছিলেন হরজিৎ। খেলার এক পর্যায়ে তিনি ব্যাট হাতে একটি বিশাল ছক্কা হাঁকান। তবে ছক্কার পরেই হঠাৎ ক্রিজে বসে পড়েন এবং কিছু সময়ের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন।

খেলার ভিডিওতে দেখা গেছে, ছক্কার পর ক্রিজেই বসে পড়েন হরজিৎ। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে হলেও পরে দেখা যায় তিনি অচেতন হয়ে যাচ্ছেন। সতীর্থরা ছুটে এসে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, হরজিৎ পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং ক্রিকেট ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এ ঘটনা আবারো মনে করিয়ে দিয়েছে ক্রিকেট মাঠে আগেও এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। গত বছর মুম্বাইয়ের কাশিমারা এলাকায় এক বক্স ক্রিকেট ম্যাচে একইভাবে এক ব্যাটার ছক্কা মারার পর মৃত্যুবরণ করেছিলেন।

হরজিৎ সিংয়ের মৃত্যুর ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা এই অপ্রত্যাশিত ঘটনায় শোক প্রকাশ করছেন এবং খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত মেডিকেল সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন