নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার মুড়াপাড়া টঙ্গীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ইয়াছিন (২৫), মুড়াপাড়ার হাউলিপাড়া এলাকার বাসিন্দা এবং তার খালাতো ভাই সিপন (২৬), টঙ্গীরঘাট এলাকার আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠান শেষে ইয়াছিন তার স্ত্রীকে নিয়ে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় যুবক সোহরাব মাদকাসক্ত অবস্থায় গালিগালাজ শুরু করেন। বিষয়টি প্রতিবাদ করলে এক পর্যায়ে সিপনকে নিয়ে ইয়াছিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অহিদুল্লার বাড়িতে যান ঘটনার বিচার চেয়ে।
তবে সেখানেই সোহরাব পিস্তল বের করে তাদের লক্ষ্য করে গুলি চালান। গুলিতে ইয়াছিনের মাথায় এবং সিপনের পায়ে গুলি লাগে।
আহতদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইয়াছিনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

