বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট।।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। হামলার সময় দেশটির দক্ষিণাঞ্চলে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়, বেজে ওঠে সাইরেন। খবর প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা মাত্রই তা প্রতিরোধের চেষ্টা করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

হামলার পরপরই বেয়ারশেবা, ডিমোনা, আরাদসহ আশপাশের এলাকায় সতর্কতা সংকেত পাঠানো হয়। ক্ষেপণাস্ত্র প্রতিরোধের আগে স্থানীয় বাসিন্দাদের কাছে মোবাইল পুশ-বার্তার মাধ্যমে সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হয়।

পরবর্তীতে হুথি গোষ্ঠী এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানায়, তারা ‘ইসরায়েলি শত্রুদের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ সফলভাবে আঘাত হেনেছে। তারা এটিকে ‘আল্লাহর কৃপায় সাফল্য’ বলেও উল্লেখ করে।

২০২৩ সালের শেষ দিকে লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত নৌযানে হামলা শুরু করে হুথিরা। এরপর থেকে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পাল্টা অভিযানের পরও হুথিদের কার্যক্রমে ভাটা পড়েনি।

বিশেষজ্ঞরা বলছেন, হুথিদের এই ধরনের হামলা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকিই বাড়াচ্ছে না, বরং এটি ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ছায়াযুদ্ধকে আরও জটিল করে তুলছে। একইসঙ্গে এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন