বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের দাবি খামেনির, ইরানের পারমাণবিক হুঁশিয়ারি নিয়ে কথা বললেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।।

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের মধ্যে একাধিকবার প্রকাশ্যে বক্তব্য দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের দাবি করেন এবং ইরানিদের ঐক্যের প্রশংসা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খামেনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে ইসরায়েলের সব দাবি ও অহংকার চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।”
বার্তা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে টেলিগ্রামেও ফারসি ভাষায় আরেকটি পোস্টে তিনি লেখেন, “তৃতীয়বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন।”

খামেনির মতে, প্রায় ৯ কোটি মানুষের জাতি সশস্ত্র বাহিনীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে। প্রয়োজনে এ জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে।”

অন্যদিকে, নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে। তবে যদি তারা ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে।”

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি না তারা (ইরান) আর কখনো পারমাণবিক কর্মসূচি চালু করবে। তবে যদি করে, আমাদের অবস্থান পরিষ্কার।”
তিনি আরও বলেন, “ইরান তেল বিক্রির চেষ্টা করছে। চীন চাইলে তেল কিনতে পারে। দেশটির অর্থনৈতিক পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।”

ট্রাম্প ইঙ্গিত করেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার প্রভাব দীর্ঘস্থায়ী হবে। “আমরা হিরোশিমা-নাগাসাকির উদাহরণ দিতে চাই না, কিন্তু বাস্তবতা হলো—একই রকম ফলাফল হয়েছে। হামলার পর তারা বুঝেছে, আর এগোনো সম্ভব নয়।”

খামেনির ‘বিজয় ঘোষণার’ পাল্টা বার্তা হিসেবে ট্রাম্পের মন্তব্যগুলো ইঙ্গিত দেয়, তেহরান-ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনা আবার চূড়ায় পৌঁছাতে পারে।
এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ইরানের পরবর্তী পদক্ষেপ ও আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থার (IAEA) প্রতিক্রিয়ার দিকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন