বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬২৭, পাল্টা হামলায় নিহত ২৯ ইসরায়েলি

ডেস্ক রিপোর্ট।।

দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষেই বাড়ছে প্রাণহানি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬২৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০০-এর বেশি।

বুধবার (২৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানে নিহতদের বড় একটি অংশ কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান প্রদেশের বাসিন্দা।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত পাল্টা হামলায় এখন পর্যন্ত ২৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, নিহতদের মধ্যে ২৮ জনই সরাসরি মিসাইল আঘাতে প্রাণ হারিয়েছেন।

এ পর্যন্ত ইরানের প্রায় ১,৫০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে, যেখানে প্রায় ৩,৫০০ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

জবাবে ইরান থেকেও ছোঁড়া হয়েছে প্রায় ৬০০ ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ প্রতিহত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অব্যাহত সংঘাত দুই দেশের জনগণের জন্যই মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। আহতদের অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, আর ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামো মারাত্মকভাবে বিপর্যস্ত।

বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক চাপ না বাড়ালে সংঘাতের মাত্রা আরও তীব্র হতে পারে। আন্তর্জাতিক মহলের মধ্যস্থতাও এখন সময়ের দাবি হয়ে উঠছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন