বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজায় ‘যুদ্ধবিরতি’ শিগগিরই, জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।।

গাজায় চলমান যুদ্ধ থামাতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন-ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির ক্ষেত্রে ‘নির্ণায়ক ভূমিকা’ রেখেছে।

বুধবার নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “গাজা নিয়ে আমরা উল্লেখযোগ্য অগ্রগতির কাছাকাছি পৌঁছেছি। খুব শিগগিরই ভালো কিছু খবর আসবে।”

টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, ট্রাম্প দাবি করেছেন, ইরানে চালানো হামলায় দেশটির তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। তবে একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেটি বড় ধরনের ধাক্কা নয়।

ট্রাম্প এসব তথ্যকে ‘ভুল’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “ওরা (গোয়েন্দারা) আসলে কিছুই জানে না। বাস্তবতা হলো, তেহরান এখন চাপে রয়েছে এবং যুদ্ধ থামাতে বাধ্য হচ্ছে।”

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “ইরানের পারমাণবিক সুবিধাগুলো প্রায় অচল হয়ে গেছে। আমরা ঐ পাহাড়ের নিচে যা ছিল, সবকিছুকে ক্ষতিগ্রস্ত করেছি।”

তিনি আরও বলেন, “তেহরান এখন আগের চেয়ে অনেক পিছিয়ে। এটি এখন আর আমাদের জন্য তাৎক্ষণিক হুমকি নয়।”

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় একাধিক দফায় আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ইসরায়েল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে হোয়াইট হাউস ও জাতিসংঘের তরফে যুদ্ধবিরতিকে ‘অবশ্যই প্রয়োজনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন