মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলি বাহিনীর হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম, যা উদ্ধৃত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে আরও বলা হয়, এ হামলায় আইআরজিসির আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, চলতি মাসের ১৩ জুন থেকে তারা একাধিক অভিযান চালিয়ে অন্তত দুই ডজন ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার লক্ষ্যে সফল হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, ইয়াজদে চালানো এই হামলা ছিল অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক, যেখানে আইআরজিসির একটি ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা এবং গোপন বাংকারকে টার্গেট করা হয়।
এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা আইআরজিসি। তবে বিশ্লেষকদের ধারণা, সামরিক ও কূটনৈতিক পর্যায়ে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান।
ইসরায়েল ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধ নতুন নয়, তবে সাম্প্রতিক এই হামলা ও হত্যাকাণ্ডের দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার দাবি আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

