বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল, আলোচনা হবে রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে”

ডেস্ক রিপোর্ট।।

চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের সফরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার (২২ জুন) রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে রওনা দেয়।

সফরকালীন সময়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি প্রতিনিধি দলটি। এ ছাড়া দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা এবং উচ্চপর্যায়ের রাজনৈতিক বৈঠকের পরিকল্পনাও রয়েছে।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

“চীন একটি গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক নানা বিষয়ে আলোচনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, এই সফরে ফলপ্রসূ সংলাপের সুযোগ তৈরি হবে।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরের সময় চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, যেখানে আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক বিনিময় এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মতবিনিময় হবে।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফর বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ শক্তিশালী করার কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন