বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শান্তি না এলে ইরানের জন্য আরও বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে’: হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, শান্তি না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা চালানো হবে। শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমরা নির্ভুলতা, দ্রুততা ও দক্ষতার সঙ্গে আরও লক্ষ্যবস্তুতে আঘাত হানবো।”

চার মিনিটের বক্তব্যে ট্রাম্প জানান, ইরানের তিনটি পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় সফলভাবে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং সেগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কাসেম সোলাইমানির মতো খুনি নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আর চলতে দেওয়া যায় না।”

ট্রাম্প তার ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও অভিনন্দন জানিয়ে বলেন, “এই ভয়াবহ হুমকি দূর করতে আমরা একটি দল হিসেবে কাজ করছি।”

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর, সেনা ঘাঁটি, কমান্ড সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, এই হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, তারা ইরান থেকে ছোড়া অন্তত দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় সূত্র বলছে, এসব হামলায় অন্তত ১১ জন ইসরায়েলি আহত হয়েছেন।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ সংঘাতের মুখোমুখি। সংঘাত যদি বাড়তে থাকে, তবে তা বেসামরিক জনগণ, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন