টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন (২৪)। তিনি গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের বাসিন্দা আলী আহমেদের ছেলে।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সন্তোষ পুরাতন পাড়ার নেওয়াজ আলীর বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শনিবার (২১ জুন) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম বলেন, “নিহতের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলছে তার নিথর দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুনায়েদ হোসেন মাভাবিপ্রবির সিএসই বিভাগের অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। তার সহপাঠী ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে পরিবারের সদস্যদের বক্তব্য ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

