মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ ঘটনায় ইরানের খোরামাবাদ শহরে ইসরাইলের বিমান হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানি মিডিয়ার বরাতে রয়টার্স জানায়, খোরামাবাদে চালানো হামলায় শহরের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে একই দিনে ইসরাইল একটি সুনির্দিষ্ট অভিযান চালিয়ে ইরানের ড্রোন ইউনিটের দ্বিতীয় প্রধান কমান্ডার আমিন পুর জোদখিকে হত্যা করে। তাকে ইসরাইল লক্ষ্য করে ড্রোন হামলার নেপথ্য ব্যক্তি হিসেবে চিহ্নিত করে অভিযানে টার্গেট করা হয়। তেল আবিব দাবি করেছে, এই হত্যার মাধ্যমে ইরানের ইউএভি সক্ষমতা বড় ধাক্কা খেয়েছে।
এছাড়া ইরানের পবিত্র শহর কোম-এ ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কুদস ফোর্সের অধীনস্থ ফিলিস্তিনি কর্পসের শীর্ষ কমান্ডার সাইদ ইজাদি। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেন, ইজাদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং তাকে হত্যা ইসরাইলি গোয়েন্দা ও সামরিক বাহিনীর একটি “মেজর সাকসেস”।
এই ধারাবাহিক হামলা ও পাল্টা অভিযানের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন পর্যবেক্ষক মনে করছেন, পরিস্থিতি এভাবে এগোলে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
তথ্যসূত্র: রয়টার্স, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম

