ইরান ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই সংঘাত এমন এক ‘দাহ্য সঙ্কটের’ দিকে এগোচ্ছে, যার আগুন একবার ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে রাখা কারও পক্ষে সম্ভব হবে না।
শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস বলেন, “বিশ্ব এখন এক ভয়ঙ্কর মোড়ের সামনে দাঁড়িয়ে। এই উত্তেজনা যদি অব্যাহত থাকে, তাহলে এটি বৃহত্তর যুদ্ধের জন্ম দিতে পারে।”
তিনি বলেন, “সংঘাতের মূল কেন্দ্রে রয়েছে পারমাণবিক প্রশ্ন। যদিও ইরান বারবার দাবি করে আসছে তারা পরমাণু অস্ত্র তৈরি করছে না, তবু আস্থার সংকট স্পষ্ট।”
গুতেরেস তার বক্তব্যে ইরান ও ইসরায়েল উভয় পক্ষের প্রতি লড়াই বন্ধ করে অবিলম্বে সংলাপে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “শুধু অস্ত্রের ভাষা নয়, এখন প্রয়োজন কূটনীতির জোর। আমরা যদি এখনই না থামি, তাহলে পরিণতি হবে ভয়াবহ।”
এর আগে, সংঘাতের দ্বিতীয় দিনেও (১৪ জুন) মহাসচিব এক্স (সাবেক টুইটার)–এ লিখেছিলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা—এটুকুই যথেষ্ট। এখন থামতে হবে। শান্তি ও কূটনীতির জয় হোক।”
বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে যেমন বিপন্ন করছে, তেমনি বিশ্বশক্তিগুলোর কূটনৈতিক ভারসাম্যেও বড় চাপ ফেলছে। পারমাণবিক সম্ভাবনা থাকায় সংঘাতের মাত্রা যে কোনও মুহূর্তে ভয়াবহ রূপ নিতে পারে।

