মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

‍ইরান-ইসরায়েল উত্তেজনায় টালমাটাল ক্রিপ্টোবাজার, এক সপ্তাহেই ধস বিটকয়েন-ইথারে

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে অস্থির হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সির বাজার। গত এক সপ্তাহে টানা দরপতনে বিটকয়েন, ইথার, সোলানা, বাইন্যান্সসহ শীর্ষ মুদ্রাগুলোর বাজারমূল্য ব্যাপকভাবে কমে গেছে।

বিটকয়েনের মূল্য কমেছে প্রায় ১%
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘দ্য ট্রেডিং ইকনোমিকস’-এর তথ্যমতে, বিটকয়েনের দাম এক সপ্তাহে ০.৯০ শতাংশ কমে বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৯৩২ ডলার প্রতি কয়েন। যদিও বছর ব্যবধানে মূল্য এখনও ৬১.৭৯ শতাংশ বেশি, তবে মে মাসে সর্বোচ্চ ১ লাখ ১১ হাজার ডলার ছোঁয়ার পর এটাই সবচেয়ে বড় পতন।


দ্বিতীয় জনপ্রিয় মুদ্রা ইথারও রক্ষা পায়নি। সপ্তাহ ব্যবধানে এর দর কমেছে ৪.৮৭ শতাংশ। এখন প্রতি ইউনিট ইথারের দাম ২ হাজার ৫২১ ডলার ১১ সেন্ট, যা এক বছর আগের তুলনায় ২৮.২৩ শতাংশ কম।


বাইন্যান্স কয়েনের দাম ৬৪৩.৬০ ডলারে নেমে এসেছে, যা এক সপ্তাহে ২ শতাংশের বেশি কমেছে। তবে বছর ব্যবধানে এর মূল্য বেড়েছে প্রায় ১০ শতাংশ।

অন্যদিকে, সোলানার দাম এক সপ্তাহে সাড়ে ৪ শতাংশ কমে ১৪৬.২৫ ডলার হয়েছে, যদিও এক বছরের তুলনায় এখনো ৯.৪৫ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা বিনিয়োগকারীদের ঝুঁকি নিতে নিরুৎসাহিত করছে। যার সরাসরি প্রভাব পড়ছে ক্রিপ্টোবাজারে।
“যুদ্ধের ছায়া যত দীর্ঘ হবে, বাজার ততটাই অস্থির থাকবে,” বলেন সিঙ্গাপুরভিত্তিক এক ক্রিপ্টো বিশ্লেষক।

অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, সামনের সপ্তাহগুলোতেও এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে যদি ইরান-ইসরায়েলের মধ্যে সংঘাত আরও বাড়ে, তবে বড় ধস দেখা দিতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন