কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মাসুদ মোল্লাসহ আটজন গ্রেপ্তার
কুষ্টিয়ার কালীশংকরপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মাসুদ মোল্লাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে সোনার বাংলা মসজিদের পাশে অবস্থিত একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তারা জানিয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “গ্রেপ্তারের কথা আমরা শুনেছি, তবে কারা, কখন ও কোথা থেকে গ্রেপ্তার করেছে তা এখনও নিশ্চিত করতে পারিনি। পুলিশের এই অভিযানে অংশ নেই।”
সুব্রত বাইন ছিলেন ৯০’র দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত এক নাম। তিনি দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সহিংসতার মাধ্যমে এলাকার আধিপত্য বিস্তার করতেন। তার বিরুদ্ধে অসংখ্য খুন-জখমের অভিযোগ রয়েছে।


