মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেদেরই পরিবর্তনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান
ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে পরিবর্তন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। তাঁর দাবি, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের স্বার্থ অনুযায়ী পুনর্গঠনের মার্কিন প্রচেষ্টা উল্টো দেশ দুটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে হোসেইন তাইয়েব বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।’
তাইয়েবের দাবি, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের ছিল, তা এখন খোদ দেশটির অভ্যন্তরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি বলেন, যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন।
বিদেশে সামরিক হস্তক্ষেপের ব্যয় নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে বলে দাবি করেন ইরানের এই বাসিজ কমান্ডার। একই সঙ্গে যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ক্লান্তি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
হোসেইন তাইয়েবের মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনেনি। বরং এসব উদ্যোগের প্রভাব এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও পড়তে শুরু করেছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তাঁর এসব বক্তব্য ইরানি কর্মকর্তার মূল্যায়ন ও দাবি।
সূত্র: আলজাজিরা


