রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

জাতীয়
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
৩ নভেম্বর ২০২৬

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোকে যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় ‘প্রি-সিএইচওজিএম’ কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের রিট্রিট সেশনে বক্তব্য দেন হুমায়ুন কবির।

বক্তব্যে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান জটিল পরিস্থিতি মোকাবিলায় সদস্য দেশগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম)। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটিতে সফর করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।