সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

জাতীয়
সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল
নিউজ ডেস্ক
৬ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে একটি ট্যাংকার জাহাজ। ‘এমটি নিনেমিয়া’ নামের ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ জাহাজটি বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে জাহাজ থেকে তেল খালাসের জন্য লাইটারিং প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়ায় ছোট ছোট ট্যাংকারে করে অপরিশোধিত তেল নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ। সেখানে পৌঁছানোর পর শুরু হবে তেল পরিশোধনের কার্যক্রম।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যায়, যা জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, খুব শিগগিরই আরও এক লাখ টন অপরিশোধিত তেল দেশে পৌঁছাবে। ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি ট্যাংকারে থাকা ওই তেল বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে, হরমুজ প্রণালির অচলাবস্থার কারণে।

হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। সাম্প্রতিক সংঘাতের জেরে এই পথে বিঘ্ন ঘটায় বিকল্প রুট ব্যবহার করে জ্বালানি আমদানি করতে হচ্ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশকে।