বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জাতীয়
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিউজ ডেস্ক
৪ মে ২০২৬

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক এবং সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন।

রিট আবেদনে দাবি করা হয়েছে, চুক্তিটি কাঠামোগতভাবে অসম, অযৌক্তিক এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। এতে বলা হয়, চুক্তিতে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ তুলনামূলকভাবে উপেক্ষিত হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া, চুক্তি প্রণয়ন ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। রিটে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, চুক্তির ফলে বাংলাদেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ দায় চাপানো হয়েছে, যা শুল্ক কাঠামো, নীতিনির্ধারণী স্বাধীনতা এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রিটটি শুনানির জন্য হাইকোর্ট বিভাগ-এর বিচারপতি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়-এর বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।