পুলিশের শার্ট আগের মতই প্যান্ট থাকবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
পুলিশের শার্ট আগের মতই প্যান্ট থাকবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
৪ মে ২০২৬

পুলিশ বাহিনীর জন্য প্রস্তাবিত নতুন পোশাক গ্রহণযোগ্য হয়নি জানিয়ে আগের ইউনিফর্মে ফিরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং অন্যান্য এলাকায় নীল রঙের শার্ট বহাল থাকবে, আর প্যান্ট হবে খাকি রঙের।

সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন পোশাকটি পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়নি এবং তা মানানসই নয় বলে মতামত এসেছে। সদস্যদের আবেদনের ভিত্তিতেই বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য ইউনিফর্ম বজায় রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর কয়েকজন শীর্ষ সন্ত্রাসী আদালতের মাধ্যমে জামিন পেয়েছে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এসব ব্যক্তি সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জনগণের স্বস্তি নিশ্চিত করতে কাজ চলছে, যদিও এর ফল পেতে কিছুটা সময় লাগতে পারে।