গণভোটে জামায়াতের অবস্থান আধা প্রেম, আধা প্রতারণা: আইনমন্ত্রী

জাতীয়
গণভোটে জামায়াতের অবস্থান আধা প্রেম, আধা প্রতারণা: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদ নিয়ে ১১ দলীয় জোটের প্রকাশিত লিফলেটে কোনো শব্দই সুপারিশ হিসেবে অন্তর্ভুক্ত নেই। পাশাপাশি গণভোট ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থানকে তিনি “আধা প্রেম, আধা প্রতারণা” বলে মন্তব্য করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২৬’-এ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় সহযোগীদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, তাদেরই বীর মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আইনটি পাসের সময় সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিরোধিতা আসেনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতীতে দেশ বিভক্ত ছিল দুই ধারায়—একদিকে ফ্যাসিস্ট ও লুটেরা গোষ্ঠী, অন্যদিকে নির্যাতিত জনগণ। ভবিষ্যতে মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং সাম্প্রতিক গণআন্দোলনের চেতনায় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১১ দলীয় জোটের লিফলেট প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, সেখানে সংস্কারের দাবি থাকলেও ৩৩টি দলের স্বাক্ষরিত জুলাই সনদের কোনো উল্লেখ নেই। তিনি অভিযোগ করেন, গণভোটের বিষয়টি সনদ থেকে বিচ্যুত করা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণার শামিল।

শিক্ষাব্যবস্থার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ব্রিটিশ আমলে মানুষের সক্ষমতা কম বিবেচনা করে ৩৩ নম্বরকে পাস মার্ক নির্ধারণ করা হয়েছিল। বর্তমান প্রস্তাবগুলো দেখে মনে হচ্ছে, জনগণকে এখনও সেই দৃষ্টিতেই দেখা হচ্ছে।

বিএনপির অবস্থান নিয়েও সমালোচনা করে তিনি বলেন, কিছু বিষয়ে সমর্থন থাকলেও বাকি বিষয়ে তাদের অবস্থান অস্পষ্ট ও দ্বৈত। নির্বাচনী প্রচারণায় ধর্মের অপব্যবহার নিয়েও তিনি সমালোচনা করেন এবং বলেন, ভোটের জন্য ধর্মীয় প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়।

আলোচনার এক পর্যায়ে তিনি ফিলিস্তিনি কবি মাহমুদ দারউইশের কবিতা উদ্ধৃত করে শুভবুদ্ধির উদয়ের আহ্বান জানান।