সারা দেশে কালবৈশাখীর সতর্কতা, ঝড়-বৃষ্টির আশঙ্কা
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় রাজধানীসহ দেশের আট বিভাগেই ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিস্তীর্ণ অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ—এই আট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর সঙ্গে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এ সময় খোলা জায়গায় অবস্থান, নৌযান চলাচল এবং দুর্বল অবকাঠামোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


