বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা

জাতীয়
বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা
নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ। এতে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএন-এর ডিআইজি সালমা বেগম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত নিয়মে অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।

সরকারের এ সিদ্ধান্তকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হলেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।