চট্টগ্রাম বন্দরে একসঙ্গে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ

জাতীয়
চট্টগ্রাম বন্দরে একসঙ্গে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ
নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বন্দর–এ একসঙ্গে প্রায় ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ ভিড়েছে। বড় এই চালানে ডিজেল ও অকটেন—উভয় ধরনের জ্বালানি রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, চারটি জাহাজে করে মোট ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং ২৭ হাজার ৩৬৩ টন অকটেন আমদানি করা হয়েছে।

বন্দরের আলফা অ্যাংকরে অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজ থেকে ইতোমধ্যে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটি শনিবার (১৮ এপ্রিল) ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৭ এপ্রিল চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে এবং চলতি সপ্তাহে আরও কয়েকটি জ্বালানি বহনকারী জাহাজ আসার সম্ভাবনা রয়েছে। এতে দেশে জ্বালানি তেলের কোনো সংকট থাকবে না বলেই আশা করা হচ্ছে।

বিপিসির তথ্য অনুযায়ী, পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’ নিয়ে এসেছে ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল, কেম্যান আইল্যান্ডের ‘এমটি নেভি সিয়েলো’ এনেছে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন এবং চীনের ‘এমটি লিয়ান সং হো’ বহন করে এনেছে ৪১ হাজার ৯০৭ টন ডিজেল। জাহাজ তিনটি বর্তমানে বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে।

ভেসেল ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এসব জাহাজের মধ্যে ‘এমটি অকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ ১২ এপ্রিল, ‘এমটি নেভি সিয়েলো’ ১০ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এবং ‘এমটি লিয়ান সং হো’ ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে যাত্রা করে চট্টগ্রামে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বড় এই চালান দেশের জ্বালানি মজুদ শক্তিশালী করবে এবং সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল রাখতে সহায়ক হবে।