সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা পড়ে শোনালেন চিফ হুইপ
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম (মনি)। একই সঙ্গে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দনও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের এক পর্যায়ে টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানান চিফ হুইপ।
এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
নূরুল ইসলাম (মনি) বলেন, “প্রধানমন্ত্রী সম্মানিত হওয়া মানে দেশ সম্মানিত হওয়া। তিনি এই জাতিকে সম্মানিত করেছেন।” তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।
এরপর তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন। কবিতায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দৃঢ়তা এবং দেশের উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করা হয়। তবে কবিতাটির রচয়িতার নাম উল্লেখ করেননি তিনি। কবিতাটি হলো—
‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন, উই হ্যাভ আ প্ল্যান
তাঁর দৃঢ়তা ছিল পাহাড়ের মতো
কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।’
কবিতা আবৃত্তি শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এ অর্জন শুধু প্রধানমন্ত্রীর নয়, পুরো জাতির অর্জন।
উল্লেখ্য, এর আগে সংসদের অধিবেশনে বিভিন্ন জাতীয় ব্যক্তিত্বকে নিয়েও কবিতা আবৃত্তির নজির রয়েছে, যা সংসদীয় আলোচনায় একটি ভিন্নমাত্রা যোগ করে।


