হজযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা দিল ধর্ম মন্ত্রণালয়

জাতীয়
হজযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা দিল ধর্ম মন্ত্রণালয়
নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬

হজযাত্রায় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়।

বার্তায় বলা হয়েছে, হজ এজেন্সি বা অন্য কারও প্ররোচনায় নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং যেকোনো পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এসব নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়াকোবাদ বলেন, বারবার সতর্ক করার পরও গত কয়েক বছরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়ার ঘটনা ঘটেছে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, কোনো যাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সৌদি আরবের আইন অনুযায়ী কঠোর শাস্তি হতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়ার পাশাপাশি হজের সুযোগ থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।