সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়িয়ে ১৫০টি করা হয়েছে। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদ গ্যালারিতে আগে অনূর্ধ্ব-১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন বরাদ্দ ছিল। সম্প্রতি শিক্ষামন্ত্রী দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০টি আসন শিক্ষার্থীদের জন্য বরাদ্দের অনুরোধ জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেন। পরে স্পিকার সেই আবেদন অনুমোদন করেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ সিদ্ধান্তের ফলে এখন থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম সংসদীয় গণতান্ত্রিক চর্চা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্র ও গণতন্ত্র সম্পর্কে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “জেন-জিরা যাতে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি ও জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা।”
তিনি আরও জানান, সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। সংসদে শিক্ষার্থীদের আগমনের সময় অধিবেশন শুরুর আগে তাদেরকে সংসদের ইতিহাস, কার্যপ্রণালি ও স্থাপত্য সম্পর্কে ধারণা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি দেখার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


