অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি

জাতীয়
অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬

জ্বালানি তেল কেনার জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরি করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন এই অ্যাপের মাধ্যমে নাগরিকদের জ্বালানি তেল কিনতে হবে। এতে একজন ব্যক্তি কখন, কতটুকু তেল কিনছেন—তার বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকবে, যা বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সহায়ক হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. জাহেদ উর রহমান জানান, বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক দেশে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশ এখনো তা সমন্বয় করেনি। তবে আগামী মাসে মূল্য সমন্বয় হবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি আরও বলেন, দেশে বড় ধরনের সংকট না থাকলেও অবৈধ মজুত ও পাচারের কারণে সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে।

বিদ্যুতের ঘাটতি না থাকলেও শহরে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, এসব যানবাহনের ফিটনেস ও চালকদের দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সরকার বিকল্প ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এ বিষয়ে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা তদন্ত করা হবে বলে জানান উপদেষ্টা। এ জন্য দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর কার্যক্রম জোরদার করা হবে।

হামের টিকা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমান সরকারের সময়ের সমস্যা নয়, বরং আগের প্রশাসনিক দুর্বলতার ফল। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৩ মে থেকে সারা দেশে এই কার্যক্রম চালু হবে।